খবর > State

বারাণসী হরিদ্বারের পরে এইবার কি কলকাতা : নতুন রেকর্ড হবে নজর কড়া

Updated : 06/14/2026, IST

হৃষিকেশ, হরিদ্বার ও বারাণসীর দীর্ঘদিনের ঐতিহ্যকে পেছনে ফেলে কলকাতার গঙ্গা এবার এক নতুন বিশ্ব রেকর্ড গড়তে চলেছে। আগামী ২০ জুন, 'পশ্চিমবঙ্গ দিবস'-এর সকালে গঙ্গা বক্ষে ৫০০টি নৌকায় একসঙ্গে যোগাভ্যাসের এক মেগা কার্নিভাল আয়োজিত হচ্ছে। নবান্ন সূত্রে জানা গেছে, এর মধ্য দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

কলকাতার মিলেনিয়াম পার্ক, বেলুড়-দক্ষিণেশ্বর, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, হাওড়া ফেরিঘাট এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এই যোগ কার্নিভাল ও বিশেষ অনুশীলন অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় থাকবে চোখ ধাঁধানো ড্রোন শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত মাঝের ৪২টি বাড়ি আলোর মালায় সেজে উঠবে, যা গঙ্গাপাড়ের পরিচিত ছবিকে বদলে দেবে।

অন্যদিকে, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের আশা, প্রধানমন্ত্রীর উপস্থিতি এই আয়োজনের গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং বিশ্ব দরবারে বাংলার মর্যাদাকে উচ্চতর স্থানে পৌঁছে দেবে।

আধ্যাত্মিকতা, ধ্যান ও যোগ-প্রাণায়ামের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সবসময় বিশ্বকে পথ দেখিয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, যোগিরাজ শ্যামাচরণ লাহিড়ী, স্বামী যুক্তেশ্বর গিরি, স্বামী যোগানন্দর মতো অসংখ্য ক্রিয়াযোগীরা এই পুণ্যভূমিতে জন্ম নিয়েছেন। নীলমণি দাস, মনোহর রায় ও মনোহর আইচের মতো ব্যক্তিত্বরা হঠযোগ, প্রাণায়াম ও মুক্তহস্ত ব্যায়ামের সমন্বয় ঘটিয়ে ভারতীয়দের বিশ্বমঞ্চে পরিচিতি এনেছেন।

তবে এত সমৃদ্ধ ইতিহাস নিয়েও বাংলা যোগজগতে কিছুটা পিছিয়ে পড়েছিল। সেই হারানো গৌরব পুনরুদ্ধারে রেড রোড ও গঙ্গাবক্ষ জুড়ে এক নতুন যাত্রা শুরু হতে চলেছে। এই মেগা কার্নিভাল নদীমাতৃক বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার মিলনক্ষেত্র। 'পশ্চিমবঙ্গ দিবস' এবার প্রথম সরকারি পৃষ্ঠপোষকতায় পালিত হওয়ায় আয়োজনের তাৎপর্য অনেক বেড়েছে।

গঙ্গাবক্ষে ছোট-বড় যোগ শিবির অতীতে আয়োজিত হলেও, ৫০০টিরও বেশি নৌকায় একসঙ্গে এত বিপুল সংখ্যক মানুষের এই যোগাভ্যাস সম্পূর্ণ নতুন দৃষ্টান্ত। অতীতে বারাণসী কিংবা হৃষীকেশের পবিত্র ঘাটে বড় যোগ অনুশীলনের নজির থাকলেও, ভারতীয় জলপথে এমন বিশাল আয়োজন এবারই প্রথম। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।নৌসেনা ও কলকাতা বন্দরকে নৌকা সরবরাহের অনুরোধ জানানো হয়েছে এবং রাজ্য সরকারের নিজস্ব নৌকাও ব্যবহার করা হবে। এই ইভেন্টের নোডাল অফিসার করা হয়েছে ডিজি আয়ুষ দিব্যা লোগনাথনকে।কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক ও রাজ্য প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই যোগ কার্নিভাল ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মিক উৎকর্ষের এক নতুন মাইলফলক হয়ে উঠবে। প্রধানমন্ত্রীর উপস্থিতি অনুষ্ঠানটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে, যা এক নতুন বিশ্বরেকর্ড তৈরির মঞ্চ প্রস্তুত করবে বলে আশা করা হচ্ছে।

ফিডব্যাক

যোগাযোগ

------