খবর > State

স্যাটা গরম করার দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য: জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে ব্যাখ্যা

Updated : 06/16/2026, IST

নিজের মন্তব্য ঘিরে তৈরি বিতর্কের জবাব দিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সোমবার বোলপুরের কংকালীতলায় এক জনকল্যাণ শিবির পরিদর্শনে এসে সিউড়ির এই বিধায়ক নিজস্ব বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দেন।

এর আগে কলেজে ভর্তি সংক্রান্ত অনিয়ম নিয়ে একটি সংবাদ চ্যানেলে তিনি বলেছিলেন, "কলেজে এবং বিশ্ববিদ্যালয় টাকা তুললে স্যাটা গরম করে দেব।" এই উক্তি নিয়েই বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়।

উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় দৃঢ়ভাবে বলেন, "আমি বীরভূমের ছেলে। নিজের ভাষাতেই কথা বলব। তাতে কারও পছন্দ হোক বা না হোক, বীরভূমের ভাষায় কথা বলা বন্ধ হবে না। আমি যে জেলার মানুষ, সেই জেলার কিছু শব্দ আমার মুখে আসতেই পারে।"

"আমার ভাষা, আমার গর্ব"— এই স্লোগান তুলে তিনি আঞ্চলিক ভাষা ব্যবহারের পক্ষে সওয়াল করেন। মন্ত্রী যোগ করেন, "সামান্য দুটি শব্দ বলেছি অমনি গুঁতিয়ে দিছেন, খেদিয়ে দিছেন। এ মানব না। আপনাদের কথা ভবিষ্যতেও লড়ব। এখনও লড়ছি।"

ব্যক্তিগত স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, "মানুষের কী বলা উচিত, কী খাওয়া উচিত, কী পরা উচিত তা নির্ধারণ করার অধিকার কারও নেই। তাহলে আমার ভাষা নিয়ে এত আপত্তি কেন?"

জগন্নাথ চট্টোপাধ্যায় আরও বলেন, "আপনারাই বলেন মানুষ কী বলবে, কী করবে, কী খাবে, কী পড়বে সে বিষয়ে কারও কিছু বলার নেই। তাহলে আমাকে নিয়ে এত জ্বালা কেন? আমি তো নিজের ভাষায় কথা বলছি।"

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, "আমার ভাষারও সম্মান রয়েছে। যারা আঞ্চলিক ভাষাকে বুঝতে না পেরে সমালোচনা করছেন, তাঁরা আসলে রাঢ়বঙ্গের সংস্কৃতি ও ভাষাকেই অপমান করছেন। তাই দুটো-একটা বীরভূমের ভাষা আমি বলব। আমার মুখ দিয়ে বেরবে। এটাই আমার মাতৃভাষা।"উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় অর্থ আদায়ের অভিযোগ বারবার সামনে এসেছে। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভও ছিল।মন্ত্রী জানান, রাজ্যে পালাবদলের পর উচ্চশিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে সরকার কঠোর। ভর্তি-অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়াই ছিল তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য।

ফিডব্যাক

যোগাযোগ

------