দীর্ঘ ১১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তর থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি দফতর থেকে বেরিয়ে তিনি স্পষ্ট জানান, আবারও জিজ্ঞাসাবাদের জন্য তিনি প্রস্তুত। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করে ডায়মন্ড হারবারের সাংসদ দৃঢ়ভাবে বলেন, "গলা কেটে দিলেও আত্মসমর্পণ নয়, লড়াই চলবে।"
সোমবার অভিষেককে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল। এদিন সকাল ১০টা ১৫ মিনিটে বাড়ি থেকে বেরিয়ে তিনি ১০টা ৫৬ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছন। ইডির আধিকারিকরা তাঁকে দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত জেরা করেন। এই মামলায় অভিষেকের কোনো রক্ষাকবচ নেই। ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার আর্থিক গরমিলের অভিযোগও এই তদন্তে উঠে এসেছে।
সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক রাজনৈতিক চক্রান্তের শিকার হওয়ার অভিযোগ তোলেন, বলেন দল ভাঙানোর খেলা চলছে। বিজেপিকে নিশানা করে তাঁর অভিযোগ, বিরোধীদের স্বীকৃতি না দিয়ে বিধায়ক-সাংসদ ভাঙিয়ে দুর্বল করার অপচেষ্টা হচ্ছে। তিনি দাবি করেন, তদন্তে আগেও সহযোগিতা করেছেন, এখনও করছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আবার ডাকলে আবার যাব। আমাকে যতবার ডেকেছে, ততবার এসেছি।" তিনি জানান, আজ ১১টার আগে এসে তাঁকে মোট ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সব মিলিয়ে ১০-১২ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হয়ে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যও করেছেন।
উল্লেখ্য, এই মামলার পাশাপাশি অভিষেককে অন্যান্য তদন্তেরও মুখোমুখি হতে হয়েছে। এর আগে বিধানসভার সই জাল কাণ্ডে ভবানী ভবনে সিআইডি প্রায় ১৫-১৬ ঘণ্টা ধরে তাঁকে দু'দফায় জিজ্ঞাসাবাদ করে। ডিজে মন্তব্য মামলায় আগামিকাল, মঙ্গলবার, তাঁকে ফের ভবানী ভবনে হাজিরা দিতে হবে।